দেশজুড়ে

আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, নিহত ১

কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। নিহত শরিফুল ইসলাম  নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা ও মো. মতিউর রহমানের ছেলে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোডসংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সংকর কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ম্যাচ চলাকালে আর্জেন্টিনা দল প্রথম গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এ সময় তিনি আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে কটাক্ষ করলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আর্জেন্টিনা সমর্থনকারী শরিফুলের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন শরিফুল।  পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

      

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন