অর্থনীতি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

আবারও কমল স্বর্ণের দাম, স্বস্তির খবর ক্রেতাদের জন্য। কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম তিন হাজার ৩২৪ টাকা কমে নেমে এসেছে দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। একই সঙ্গে কমানো হয়েছে রূপার দামও।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্যই কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। বিক্রয়মূল্যের মধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বিদ্যমান নিয়মই বহাল থাকবে।

এর আগে গত ৬ জুলাইও সোনার দাম কমানো হয়েছিল। সেদিন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। সর্বশেষ সিদ্ধান্তে সেই দাম থেকে আরও ৩ হাজার ৩২৪ টাকা কমানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ বার দাম বেড়েছে, ৪৪ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রূপার দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত রূপার দাম মোট ৫৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন