বসুন্ধরা সিটি শপিং মলে বিএসটিআই'র অভিযান, ২ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে নিম্নমানের শিশু খাদ্য ও প্রসাধনী বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (০৯ জুলাই) মোবাইল কোর্ট চালিয়ে বিএসটিআইর পরীক্ষণ ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দু'টিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে দেখা যায়, আলমাস সুপার শপ বিএসটিআইর অনুমোদন ছাড়াই চকলেট, ফ্লেভার ড্রিংকস, গুঁড়া দুধসহ বিভিন্ন শিশু খাদ্য এবং প্রসাধনী বিক্রি করছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান সোফিয়াস বিউটি হাউসের বিরুদ্ধে নিম্নমানের প্রসাধনী বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। অভিযানে বিএসটিআইর পক্ষে দায়িত্ব পালন করেন মো. সাফায়েত হোসেন। এ সময় কর্মকর্তা আহসান হাবিব খান সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে দেশজুড়ে নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট চালানো হচ্ছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
একই সঙ্গে কেনাকাটার সময় ভোক্তাদের বিএসটিআইর অনুমোদিত ও মানসম্পন্ন পণ্য কেনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এমএ//