আন্তর্জাতিক

ইরানের দক্ষিণাঞ্চলে হামলার দাবি, দায় অস্বীকার যুক্তরাষ্ট্র

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এসব হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের দাবি অনুযায়ী বুশেহর প্রদেশের একটি সামরিক সদর দপ্তর এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দরনগরী কোনারাকে হামলা চালানো হয়েছে। 

তবে আলজাজিরাকে দেওয়া প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তারা জানান, এসব হামলা যুক্তরাষ্ট্র পরিচালনা করেনি।

উল্লেখ্য, একই দিনে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, মঙ্গলবারের পর থেকে যুক্তরাষ্ট্র-সমন্বিত রুট ব্যবহার করে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) চালু রেখে ১০ হাজার ডেডওয়েট টনের বেশি ধারণক্ষমতার কোনো বড় জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ওমান উপকূলঘেঁষা দক্ষিণাঞ্চলীয় নৌপথে বড় জাহাজের চলাচল কার্যত বন্ধ রয়েছে। তবে অন্তত দুটি জাহাজ ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে প্রণালি অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল ও জ্বালানি সরবরাহে আরও চাপ সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়তে পারে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন