আন্তর্জাতিক

ধেয়ে আসছে টাইফুন বাভি, সরিয়ে নেয়া হলো ৬ লাখ মানুষ

ছবি: রয়টার্স

চীনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ওয়েনঝৌর দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। সম্ভাব্য আঘাতের আগে শনিবার (১১ জুলাই) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চীনের ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশ থেকে ছয় লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে পাঁচ লাখের বেশি এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে আরও এক লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রোববার (১২ জুলাই) ভোরে প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে আঘাত হানতে পারে টাইফুনটি।

এর আগে ভারী বৃষ্টি ও ঘণ্টায় তীব্র গতির ঝোড়ো হাওয়া নিয়ে জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জ অতিক্রম করে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে এগিয়ে যায় বাভি। সাগরের অপেক্ষাকৃত শীতল অঞ্চলে প্রবেশ করায় টাইফুনটির গতি ও শক্তি কিছুটা কমেছে।

তবে আবহাওয়াবিদরা বলছেন, এর বিশাল বৃষ্টিবলয় এখনও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

ওয়েনঝৌর বাসিন্দা হুয়াং শিংহুয়ান বলেন, এর আগেও তারা একাধিক টাইফুন মোকাবিলা করেছেন। তাই কিছুটা উদ্বেগ থাকলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

তিনি জানান, পরিবারের জন্য দুই থেকে তিন দিনের প্রয়োজনীয় খাবার ও পানির ব্যবস্থা করে রেখেছেন।

এদিকে, টাইফুনটি তাইওয়ানে সরাসরি আঘাত না হানলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ৯২০টি আন্তর্জাতিক ও ২৮০টি অভ্যন্তরীণ ফ্লাইট। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে টাইফুন ছুটি। যদিও সীমিত পরিসরে কিছু রেস্তোরাঁ, দোকান এবং উচ্চগতির রেলসেবা চালু রাখা হয়েছে।

তাইপের বেইতোউ এলাকায় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগের দমকা হাওয়ায় গাছ উপড়ে পড়েছে এবং বিভিন্ন নদীর পানি বেড়ে গেছে। তবে রাজধানী তাইপেতে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর না মিললেও, টাইফুন বাভির প্রভাবে শক্তিশালী হওয়া মৌসুমি বৃষ্টিতে ফিলিপাইনে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুন বাভি ওয়েনঝৌ উপকূলে আঘাত হানার পরও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব অব্যাহত থাকতে পারে। ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন