স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩
স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুরু হওয়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করছেন শত শত দমকলকর্মী ও উদ্ধারকারী সদস্য। দেশটির ইতিহাসের অন্যতম প্রাণঘাতী এ দাবানলে এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। এছাড়া এখনও ২৩ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (১১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার গ্রামের আশপাশে আগুন সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। নিখোঁজদের সন্ধান পাওয়া গেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। নিহতদের মধ্যে আরও কয়েকজন ব্রিটিশ নাগরিক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
স্পেন, পর্তুগাল ও ফ্রান্সজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং প্রবল বাতাসের কারণে দাবানলের ঝুঁকি বেড়েছে। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বৃহস্পতিবার বিকেলে আলমেরিয়ার লস গালিয়ার্দোস এলাকায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে পড়ার কারণে আগুন লাগে। তবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এ দাবি নাকচ করেছে।
দাবানলে পুড়ে যাওয়া একটি গাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আন্দালুসিয়ার স্বাস্থ্য ও জরুরি বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স জানান, গাড়িটির স্টিয়ারিং ডান পাশে থাকায় নিহতরা ব্রিটিশ নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের কয়েকজন ঘোষিত নির্দেশনা মেনে নির্ধারিত নিরাপদ স্থানে যেতে পারেনি। তবে ওই নির্দেশনা তাদের কাছে যথাযথভাবে পৌঁছেছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার থেকে বাতাসের গতি কমে আসা এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ কিছুটা সহজ হয়েছে।
এমএ//