আন্তর্জাতিক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

ছবি: সংগৃহীত

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

বুধবার (২৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে একটি দ্রুতগতির ট্রেন অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া বলেন, ‘আমরা যে তথ্য পাচ্ছি, তা মোটেও ভালো নয়। অন্তত ১০ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, একটি দ্রুতগতির ট্রেন অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়। রেল অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান আদিফ জানিয়েছে, মাদ্রিদ-সেভিয়া রেলপথে এ দুর্ঘটনা ঘটেছে।

কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক টেলিভিশনে প্রচারিত ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেনকে উঁচু রেলপথের ওপর দেখা যায়। রেলপথের নিচের ঢালু জায়গায় ছড়িয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের ধ্বংসাবশেষ।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পরিবহনমন্ত্রী ও কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধানের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন বলেও জানান তিনি।

বিরোধী দল পিপলস পার্টির নেতা আলবের্তো নুনিয়েস ফেইহোও দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। 

তিনি বলেন, এ মুহূর্তে আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন