আন্তর্জাতিক

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার আহ্বান ইসরাইলের বিরোধী নেতার

ইসরাইলের পরবর্তী সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব রাজনৈতিক দলগুলো। পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান বামপন্থী জোট ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান। তার এই আহ্বানে নতুন সরকার গঠনে বিরোধী শিবিরের সামনে সম্ভাবনার পাশাপাশি রাজনৈতিক সমঝোতার প্রশ্নও সামনে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ইহুদি ও আরব ভোটারদের মধ্যে নেতানিয়াহুর তৈরি করা বর্ণবাদী বিভাজনকে আর মেনে নেওয়া উচিত নয়। ইসরাইলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটি পরিবর্তনকামী সরকার গঠনের সুযোগ ও দায়িত্ব এখন বিরোধী শিবিরের সামনে এসেছে।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাধারণ ভোটের প্রায় ৭২ দশমিক ৪ শতাংশ গণনা শেষে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট ৫৪টি আসন পেতে পারে।

অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি এবং মূলত আরবদের প্রতিনিধিত্বকারী দলগুলো সম্মিলিতভাবে ১৮টি আসন পেতে পারে।

সেন্ট্রাল ইলেকশন কমিশনের তথ্যের ভিত্তিতে এ হিসাব জানিয়েছে ‘দ্য টাইমস অব ইসরাইল’। দেশটির পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। কিন্তু প্রাথমিক হিসাবে কোনো প্রধান জোটই এককভাবে সেই সংখ্যায় পৌঁছাতে পারছে না।

এ অবস্থায় বিরোধী জোট ও আরব রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে পাল্টে যেতে পারে ক্ষমতার হিসাব। আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের ৪৮টি আসনের সঙ্গে আরব দলগুলোর সম্ভাব্য ১৮টি আসন যোগ হলে মোট সংখ্যা দাঁড়াবে ৬৬। ফলে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে বিকল্প সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, আরব দলগুলোর মধ্যে ‘জয়েন্ট লিস্ট’ ১২টি এবং ‘ইউনাইটেড আরব লিস্ট’ বা ‘রাম’ চারটি আসন পেতে পারে। একক দল হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। দলটি ২৮টি আসন পেতে পারে। অন্যদিকে, আইজেনকোটের ‘ইয়াশার’ দল ২১টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এ ছাড়া ‘টুগেদার’ জোট ১১টি আসন পেতে পারে। ইয়ার গোলানের ‘দ্য ডেমোক্র্যাটস’, ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ ও ‘ইসরাইল বেইতেনু’—প্রতিটি দল আটটি করে আসন পেতে পারে বলে প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে। বাকি আসনগুলোর মধ্যে ‘শাস’ ও ‘ওৎজমা ইহুদিত’ সাতটি করে এবং ‘রিলিজিয়াস জায়োনিজম’ ছয়টি আসনে এগিয়ে রয়েছে।

তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল প্রকাশের আগে আসনসংখ্যার এই হিসাব পরিবর্তিত হতে পারে।

প্রাথমিক ফলাফলে যে চিত্র উঠে এসেছে, তাতে ইসরাইলের পরবর্তী সরকার গঠনে আরব রাজনৈতিক দলগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিরোধী জোটের সঙ্গে তাদের সমঝোতা হবে কি না, তার ওপরই নির্ভর করতে পারে নেতানিয়াহুর ক্ষমতায় থাকা কিংবা বিকল্প সরকার গঠনের সম্ভাবনা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন