আন্তর্জাতিক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩০, আহত ৮০

ছবি: সংগৃহীত

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

বুধবার (২৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পাখে সাংবাদিকদের হতাহতের এ তথ্য জানান। তিনি বলেন, নিহতদের মধ্যে এভিই ট্রেনের ২৪ জন এবং ইরিও ট্রেনের ছয়জন যাত্রী রয়েছেন।

দুর্ঘটনাস্থলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশগুলোতে জরুরি সেবাকর্মীরা এখনো পৌঁছাতে পারেননি। ফলে ধ্বংসস্তূপের নিচে আরও হতাহত থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গার্সিয়া-পাখে জানান, আহতদের মধ্যে ৩০ জন সামান্য আঘাত পেয়েছেন। অন্য ৫০ জনের আঘাত মাঝারি থেকে গুরুতর পর্যায়ের।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, একটি দ্রুতগতির ট্রেন অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়। রেল অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান আদিফ জানিয়েছে, মাদ্রিদ-সেভিয়া রেলপথে এ দুর্ঘটনা ঘটেছে।

কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক টেলিভিশনে প্রচারিত ভিডিওতে উঁচু রেলপথের ওপর লাইনচ্যুত একটি ট্রেন দেখা যায়। রেলপথের নিচের ঢালু জায়গায় ছড়িয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের ধ্বংসাবশেষ।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পরিবহনমন্ত্রী ও কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধানের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন বলেও জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন