জাতীয়

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাস্থ্য খাতে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন।

শনিবার (১১ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে নতুন আরও ৫টি শিশু হাসপাতাল চালু করা হবে। এর পাশাপাশি দেশের সব মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সারা দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাস্থ্যখাতে বরাদ্দের বিষয়টি উল্লেখ করে বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটে প্রায় ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা উন্নত করতে উপজেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় রূপান্তর করা হবে।

চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। সাধারণ মানুষের এই আস্থা ফিরলে চিকিৎসার জন্য প্রতি বছর যে প্রায় ৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যায়, তা সাশ্রয় করা সম্ভব হবে।

অনুষ্ঠানে তিনি মেডিকেল বর্জ্যের সঠিক ও নিরাপদ ব্যবস্থাপনায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজেরই সাবেক শিক্ষার্থী ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন