যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের বাঘারপাড়া উপজেলায় রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রুবেল উপজেলার তেলি ধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা তেলপাম্পসংলগ্ন গাড়ি ওজন মাপার স্কেলের সামনে এ হামলার ঘটনা ঘটে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, হামলার অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বির বিরুদ্ধে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাব্বি নিহত রুবেলের ছোট বোনের দেবর।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পি/ডি