লাইফস্টাইল

বর্ষায় ভ্রমণ হোক নিরাপদ আনন্দময়

ছবি: সংগৃহীত

বর্ষাকালে প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। সবুজে মোড়া পাহাড়, টইটম্বুর নদী, ঝরনার উচ্ছ্বাস কিংবা সমুদ্রের অন্যরকম সৌন্দর্য সব মিলিয়ে এ সময় ভ্রমণের আকর্ষণ থাকে অনেক বেশি। তবে বর্ষার এই সৌন্দর্যের পাশাপাশি থাকে কিছু বাড়তি ঝুঁকিও। তাই একটু সচেতন থাকলে ভ্রমণ যেমন হবে উপভোগ্য, তেমনি এড়ানো যাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও।

যাত্রার আগে যা করবেন

ভ্রমণের পরিকল্পনা করার আগে অবশ্যই আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস দেখে নিন। ভারী বৃষ্টি, বন্যা, পাহাড়ধস বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকলে ভ্রমণ পিছিয়ে দেওয়াই নিরাপদ। ব্যাগে রেইনকোট বা ছাতার পাশাপাশি একটি অতিরিক্ত শুকনা পোশাক রাখুন। দ্রুত শুকিয়ে যায় এমন পোশাক ব্যবহার করলে ভ্রমণে স্বস্তি মিলবে।

প্রয়োজনীয় ওষুধ, বিশেষ করে প্যারাসিটামল, ব্যান্ডেজ ও প্রাথমিক চিকিৎসার সামগ্রী সঙ্গে রাখুন। রাতে থাকার জায়গায় মশারি আছে কি না, আগে থেকেই নিশ্চিত হওয়া ভালো। প্রয়োজনে মশা প্রতিরোধক ক্রিম বা রিপেলেন্ট সঙ্গে রাখুন।

পাহাড় ও জলপ্রপাতে বাড়তি সতর্কতা

বর্ষাকালে পাহাড়ি পথ ও পাথর খুবই পিচ্ছিল হয়ে যায়। তাই ভালো গ্রিপযুক্ত এবং পানিতে ব্যবহারের উপযোগী জুতা পরুন। দুর্গম এলাকায় গেলে অভিজ্ঞ স্থানীয় গাইডের সহায়তা নিন এবং তাঁর নির্দেশনা মেনে চলুন। জলপ্রপাতের আশপাশে কিংবা ঢাল বেয়ে ওপরে ওঠার চেষ্টা না করাই নিরাপদ। জলপ্রপাতের নিচে পানির কূপ অনেক সময় অগভীর মনে হলেও সেখানে গভীর খাদ বা তীব্র স্রোত থাকতে পারে। তাই সাঁতার না জানলে কোনো অবস্থাতেই পানিতে নামবেন না।

বর্ষার সময় পাহাড়ি এলাকায় জোঁকের উপদ্রব স্বাভাবিক। সম্ভব হলে প্যান্ট বা পায়জামার নিচের অংশ মোজার ভেতরে গুঁজে রাখুন। শরীরে জোঁক লেগে গেলে জোর করে টেনে ছাড়াবেন না। শক্ত কাগজ বা সমতল কোনো বস্তুর সাহায্যে ধীরে আলাদা করুন।

সমুদ্রসৈকতে গেলে

সমুদ্রে নামার আগে জোয়ার-ভাটার সময়সূচি এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে নিন। যেখানে লাল পতাকা টাঙানো থাকে, সেই এলাকায় কখনোই গোসল বা সাঁতার কাটবেন না। সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করুন এবং দায়িত্বে থাকা লাইফগার্ডের নির্দেশনা মেনে চলুন।

হাওর ভ্রমণে করণীয়

হাওর এলাকায় যাওয়ার আগে স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও সতর্কবার্তা সম্পর্কে জেনে নিন। হাউসবোট বা নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট রয়েছে কি না, যাত্রা শুরুর আগেই নিশ্চিত করুন। প্রয়োজনে নিজের লাইফ জ্যাকেট ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।

নিরাপদ ভ্রমণই হোক আনন্দের চাবিকাঠি

বর্ষার প্রকৃতি যতই মোহনীয় হোক, অসতর্কতা মুহূর্তেই আনন্দকে দুর্ঘটনায় পরিণত করতে পারে। তাই সামান্য কিছু প্রস্তুতি ও সচেতনতা আপনার পুরো ভ্রমণকে করে তুলতে পারে নিরাপদ, স্বস্তিদায়ক এবং স্মরণীয়।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন