জাতীয়

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জাতীয় সংসদে নিজের সাম্প্রতিক মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজেট অধিবেশনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আমার কথায় আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।” 

তার এ বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা এক-দুই দিন পিছিয়ে দেওয়ার দাবি কেন গ্রহণ করা হয়নি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের ৬৪ জেলায় প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে পর্যায়ক্রমে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

তিনি জানান, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন বিকেল ৫টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় ৬৪ জেলার পুলিশ সুপার, আট বিভাগের বিভাগীয় কমিশনার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা ও উপজেলা প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে পরীক্ষা আয়োজনের অনুকূল পরিস্থিতির তথ্য পাওয়ার পরই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন