পরকীয়ার জেরে স্বামী হত্যা, স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামে পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে তার স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীর প্রেমিকসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের নুর নাহার, তার মা ছকিনা বেগম, বাবা নুর মোহাম্মদ এবং নুর নাহারের পরকীয়া প্রেমিক গফুর।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল নুর নাহার তার স্বামী কেতাব উদ্দিনকে দাওয়াতে খাওয়ার কথা বলে কৌশলে পাশের গ্রামের তার প্রেমিক গফুরের বাড়িতে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে নুর নাহার, তার বাবা-মা এবং প্রেমিক গফুর মিলে কেতাব উদ্দিনকে হত্যা করেন। পরে হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি জমিতে ফেলে রাখা হয়।
ঘটনার পরদিন, ১৯ এপ্রিল নিহত কেতাব উদ্দিনের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযুক্ত চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো।
আই/এ