জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাদের সঠিক, নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে আনোয়ারুল ইসলাম জানতে চান, স্বাধীনতার ৫৫ বছর পরও কেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি চূড়ান্ত তালিকা জাতির সামনে তুলে ধরা সম্ভব হয়নি। তিনি এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না, সে প্রশ্নও করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। পাশাপাশি স্বাধীনতার ঘোষণাও তিনি দিয়েছিলেন।

তিনি বলেন, বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই দলটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি নিজেদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর যাদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিরপেক্ষ তালিকা তৈরির দায়িত্ব ছিল, তারা তা করতে পারেননি। পরবর্তী সময়েও বিভিন্ন কারণে তালিকা প্রণয়নের কাজ জটিল হয়ে ওঠে।

প্রধানমন্ত্রী জানান, এসব সমস্যা কাটিয়ে উঠতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুতের লক্ষ্যে সরকার কাজ করছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন