দেশজুড়ে

গভীর রাতে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামে গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)। নিহত রিগান আক্তার মিম ওই গ্রামের মৃত সেলিম বেপারীর পুত্রবধূ। 

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, সিনিয়ার সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী।

আহত সুমাইয়া আক্তার জানান, গভীর রাতে দুই মুখোশধারী ব্যক্তি ঘরে ঢুকে শিশুসহ তাকে ছুরির মুখে জিম্মি করে। পরে তার হাত বেঁধে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং আলমারি থেকে স্বর্ণালংকার লুট করে। এরপর ডাকাতরা পাশের কক্ষে থাকা বড় জা মিমের ঘরে প্রবেশ করে। এ সময় পাশের ঘর থেকে মিমের গোঙানির শব্দ পেলেও হাত বাঁধা থাকায় সুমাইয়া তাকে সাহায্য করতে পারেননি।

পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম জানান, রাতে তিনি বাড়ির লোহার গেটে তালা লাগিয়ে চাবি টেবিলের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। চিৎকার শুনে জেগে উঠে গেট খুলতে গিয়ে দেখেন গেটটি ভেতর থেকে আটকানো থাকলেও তালাটি নেই। পরে বাড়ির বাইরে অক্ষত অবস্থায় তালাটি পাওয়া যায়।

প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, মিমের ঘর থেকে ধস্তাধস্তির শব্দ শুনে ডাকাতির আশঙ্কায় তিনি প্রতিবেশীদের খবর দেন এবং মসজিদের মাইকে ঘোষণা দেওয়ানো হয়। স্থানীয়রা ছুটে এসে বাড়িটি ঘিরে ফেলে জানালা দিয়ে মিমকে মেঝেতে নিথর পড়ে থাকতে দেখেন। পরে বাড়ির ভেতরে প্রবেশ করে হাত বাঁধা অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করা হয় এবং অপর কক্ষে মিমের গলায় ওড়না পেঁচানো মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সিনিয়ার সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। পুলিশ আলামত সংগ্রহ ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন