দেশজুড়ে

নেত্রকোনায় ৭ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতি বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মদনগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার মরিয়ম বেগম কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা ও জুয়েল মিয়ার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মরিয়ম ও তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে হেনারগাতি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় মরিয়মের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবার দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন