ম্যারাডোনাকে উৎসর্গ মেসির জয়
রুদ্ধশ্বাস এক লড়াই শেষে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। জয়ের পর পুরো দল যখন উচ্ছ্বাসে মেতে ওঠে, তখন অধিনায়ক লিওনেল মেসি স্মরণ করেন আর্জেন্টাইন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে। এই জয় তিনি উৎসর্গ করেন প্রয়াত তারকাকে।
ম্যাচ শেষে মেসির হাতে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার পরা আসল জার্সির অনুকরণে তৈরি একটি প্রেপ্লিকা জার্সি তুলে দেওয়া হলে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ওপর থেকে নিশ্চয়ই দিয়েগো এই জয় দেখছেন এবং উপভোগ করছেন। তার জন্য বিশেষ একটি দিনে এমন জয় এনে দিতে পারায় তিনি আনন্দিত বলেও জানান।
১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ম্যারাডোনা করেছিলেন ফুটবল ইতিহাসের দুটি স্মরণীয় গোল। ম্যাচের ৫০তম মিনিটে একটি গোল করেন যা পরবর্তীতে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। এরপর একই ম্যাচে একের পর এক ইংলিশ ফুটবলারকে কাটিয়ে, যেন ‘মহাজাগতিক ঘুড়ি’র মতো ছুটে গিয়ে করেন দ্বিতীয় গোল। সেই ম্যাচ আজও বিশ্বকাপের অন্যতম সেরা অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তাই ইংল্যান্ডের বিপক্ষে প্রতিবারের লড়াইয়ে ম্যারাডোনার স্মৃতি নতুন করে ফিরে আসে।
মেসি জানান, জাতীয় সংগীতের সময় থেকেই পুরো দলের মধ্যে ভিন্নরকম আবেগ কাজ করছিল। গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস এবং ম্যাচের গুরুত্ব সবাইকে আরও অনুপ্রাণিত করেছে। তার ভাষায়, এটি শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না, আবেগেরও এক বিশেষ লড়াই।
এই ম্যাচের মাধ্যমে ব্যক্তিগতভাবেও নতুন কিছু অর্জনের সামনে দাঁড়িয়ে আছেন মেসি। আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাত একটায় নিউজার্সিতে স্পেনের বিপক্ষে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল, যা তাকে কিংবদন্তি ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাফুর রেকর্ডের পাশে বসাবে। পাশাপাশি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও বাড়ানোর এবং দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগও থাকবে তার সামনে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের কণ্ঠে ম্যাচজুড়ে শোনা গেছে একটি বিশেষ গান, যেখানে ফকল্যান্ডস, ম্যারাডোনা এবং মেসির বিশ্বকাপ স্বপ্নের কথা উঠে এসেছে। সেই স্বপ্নের শেষ অধ্যায় এখন ফাইনাল। আর সেখানেই নির্ধারিত হবে, ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে মেসি আরও একটি ইতিহাস লিখতে পারেন কি না।
পি/ডি