শিক্ষার্থীদের সামনে রেখে একটি মহল এ আন্দোলন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন সামনে রেখে কেউ কেউ ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায়। সরকারকে বিব্রত করতে একটি মহল যে রয়েছে, তা দৃশ্যমান। তারা নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের সামনে রেখে এ আন্দোলন করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, যাঁরা আন্দোলন করছেন, তাঁদের মধ্যে অনেকে পরীক্ষার্থী নন। পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। পরীক্ষার্থীরা সরকারের এ ব্যাখ্যায় সন্তুষ্ট। সমস্যার সমাধান হয়ে গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না। কারণ, যাঁরা আন্দোলন করছেন, তাঁদের সংখ্যা বেশি নয়। তবে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে
তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে ঢুকে দাবি আদায়, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল। সেই প্রবণতার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেবে সরকার। বাংলাদেশের শিক্ষার মান পুনরুদ্ধার করে জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক একটি জাতি গড়ে তুলতে চায় বর্তমান সরকার।
তিনি আরও বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সময় অটো পাস, অতিরিক্ত নম্বর দেওয়া ও ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতি তৈরি করা হয়েছিল। এসব কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে।
আই/এ