খেলাধুলা

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবিতে প্রবেশে কড়াকড়ি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আগামী রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত বহিরাগত ব্যক্তি ও সাধারণ যানবাহন প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নির্ধারিত এই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কারও ক্যাম্পাসে প্রবেশের অনুমতি থাকবে না।

ক্যাম্পাসে প্রবেশের প্রধান পথগুলো—যেমন শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে কেবল বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবার যানবাহন চলাচল করতে পারবে।

জরুরি সেবার তালিকায় রয়েছে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী গাড়ি, গণমাধ্যমের যানবাহন, রাইড-শেয়ারিং ও ফুড ডেলিভারি সেবা, অনলাইন শপিংয়ের গাড়ি এবং সরকারি যানবাহন। এসব ছাড়া অন্য সব ধরনের ব্যক্তিগত ও সাধারণ যানবাহন প্রবেশ করতে পারবে না।

তবে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত রাখা হবে। বরাবরের মতোই গণপরিবহন ও ভারী যানবাহন প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন