খেলাধুলা

পেলের ৫৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসে অলিস

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলও শেষ পর্যন্ত ফ্রান্সকে জয় এনে দিতে পারেনি। তবে হারের আড়ালেও বিশ্বকাপের ইতিহাসে উজ্জ্বল হয়ে উঠেছে আরেক ফরাসি তারকার নাম। এমবাপ্পের দুই গোলের কারিগর মাইকেল অলিস এক আসরে সাতটি অ্যাসিস্ট করে ভেঙে দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের ৫৬ বছরের পুরোনো রেকর্ড।

১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ছয়টি গোলে সহায়তা করেছিলেন পেলে। একই আসরে চারটি গোল করে ব্রাজিলকে এনে দিয়েছিলেন তৃতীয় বিশ্বকাপ শিরোপাও। সেই থেকে এক বিশ্বকাপে সর্বোচ্চ ছয় অ্যাসিস্টের কীর্তি ছিল তারই দখলে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ফুটবলের অসংখ্য তারকা চেষ্টা করেও সেই রেকর্ড স্পর্শ করতে পারেননি। অবশেষে উত্তর আমেরিকার বিশ্বকাপে এসে সেটি নিজের করে নিলেন ফ্রান্সের মাইকেল অলিস।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে অলিসের অ্যাসিস্ট ছিল পাঁচটি। দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে তার নিখুঁত পাস থেকে প্রথম গোলটি করেন এমবাপ্পে। তাতেই পেলের ছয় অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসান ২৪ বছর বয়সী বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।

এরপর ৬৭তম মিনিটে আবারও অলিসের সঙ্গে দারুণ বোঝাপড়ার ফল হিসেবে জালের দেখা পান এমবাপ্পে। ম্যাচে দ্বিতীয় অ্যাসিস্টটি করার সঙ্গে সঙ্গেই অলিসের মোট সহায়তার সংখ্যা দাঁড়ায় সাতটিতে। আর তাতেই পেছনে পড়ে যান পেলে। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোলে অ্যাসিস্টের নতুন রেকর্ড এখন অলিসের দখলে।

সবচেয়ে বিস্ময়কর বিষয়, নিজের প্রথম বিশ্বকাপ খেলেই এই অনন্য কীর্তি গড়েছেন ফরাসি তারকা। তার অ্যাসিস্টের যাত্রা শুরু হয়েছিল গ্রুপ পর্বে সেনেগালের বিপক্ষে এমবাপ্পের এক গোলে সহায়তা করার মাধ্যমে। এরপর ইরাক ও সুইডেনের বিপক্ষে দুটি করে অ্যাসিস্ট করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আরও দুটি যোগ করে নিজের রেকর্ডকে নিয়ে যান সাতে।

শুধু সতীর্থদের গোল বানিয়েই থেমে থাকেননি অলিস। ম্যাচে নিজের নামও স্কোরশিটে তোলার সুযোগ পেয়েছিলেন তিনি। ফ্রান্স যখন ৪-৩ ব্যবধানে পিছিয়ে, তখন সমতায় ফেরানোর দুটি দারুণ সুযোগ আসে তার সামনে। কিন্তু অনুকূল অবস্থান থেকেও দুটি শটই লক্ষ্যে রাখতে পারেননি।

শেষ পর্যন্ত গোলবন্যার ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে চতুর্থ স্থান নিয়েই বিশ্বকাপ শেষ করে ফ্রান্স। তবু ব্যক্তিগত অর্জনের বিচারে টুর্নামেন্টটি স্মরণীয় হয়ে থাকবে দুই ফরাসি তারকার জন্য। এমবাপ্পে ফিরছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিয়ে, আর অলিস উত্তর আমেরিকা ছাড়ছেন এক বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্টের নতুন রেকর্ডের মালিক হয়ে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন