ডিবি কার্যালয় থেকে আসামির মরদেহ উদ্ধার
বগুড়ায় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামির ঝুলন্ত মরদেহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আসামির নাম আসাদ (২৫)। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ওই আসামি বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে লুঙ্গি পেচিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে বগুড়া ডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,গতকাল দুপুরে বগুড়া রেলস্টেশন এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করা হয়। তিনি সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছিল।
ডিবি পুলিশ জানিয়েছে, সকালে নাশতা শেষে আসাদ ডিবি কার্যালয়ের টয়লেটে যান। দীর্ঘ সময় বের না হওয়ায় সন্দেহ হলে পুলিশ সদস্যরা টয়লেটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে ভেন্টিলেটরের সঙ্গে নিজের পরনের লুঙ্গি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে নিকটস্থ মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাশেদুল ইসলাম রনি জানান, আসাদের গলায় ফাঁসের একটি স্পষ্ট দাগ পাওয়া গেছে। শরীরের অন্য কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
আই/এ