জনগণের ধিক্কারের পাত্র বিরোধীদল হতে চায় না : জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়িত না হলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনি প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে। জনগণের ধিক্কারের পাত্র বিরোধীদল হতে চায় না। এ দায়িত্ব আমরা নেবো না। এজন্যই আমাদের লড়াই,আমাদের সংগ্রাম।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, সরকার স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন চায় না। তারা আগের ফ্যাসিবাদী ধারায় সবকিছু রাখতে চায়। এজন্যই গণভোটের রায় মানতে চায় না। স্পষ্ট করে বলতে চাই, এ রায় বাংলার মাটিতে বাস্তবায়ন হবে।
তিনি বলেন, জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে, আল্লাহর রহমতে তা অবশ্যই বাস্তবায়িত হবে। গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। কোনও টালবাহানা মেনে নেওয়া হবে না। অনেক লোভ দেখানো হয়েছে, কিন্তু জামায়াত তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে আমরা বেইমানি করব না, তাদের রায়কে অপমান করব না। যদি গণভোটের রায় বাস্তবায়িত না হয়, তাহলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে। সেই ধিক্কারের পাত্র বিরোধীদল হতে চায় না’।
আই/এ