খেলাধুলা

ট্রাম্পের নিরাপত্তায় বিশ্বকাপ ফাইনালের আগে বিশৃঙ্খলা

বিশ্বকাপ ফাইনাল মানেই উৎসবের আবহ। কিন্তু স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের বাইরে দেখা গেল ভিন্ন এক চিত্র। কড়া নিরাপত্তা, দীর্ঘ সারি এবং টিকিট যাচাইয়ে জটিলতার কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে দর্শক, সংবাদকর্মী এবং স্টেডিয়ামের কর্মীদের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে সংবাদকর্মীদের ই-মেইল পাঠিয়ে ফিফা অনুরোধ করে, যেন তারা কিক-অফের অন্তত ছয় ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছান। একই সঙ্গে ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা আগে আশপাশের সড়ক বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও সতর্ক করা হয়।

তবুও ভোগান্তি এড়ানো যায়নি। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধিরা জানান, নিরাপত্তা লাইনে দাঁড়ানো থেকে শুরু করে প্রাথমিক নিরাপত্তা বলয় অতিক্রম করতে তাদের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। আরও আগে পৌঁছানো অনেক সাংবাদিককে তিন ঘণ্টা বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।

স্টেডিয়ামের পাশেই প্রেসিডেন্ট ট্রাম্পের হেলিকপ্টার অবতরণ করার সময়ও প্রবেশপথে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ছিলেন হাজারো দর্শক। তার সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা অতিরিক্ত নিরাপত্তা তল্লাশি চালান, ফলে প্রবেশ প্রক্রিয়া আরও ধীর হয়ে পড়ে।

ভোগান্তি এখানেই শেষ হয়নি। টুর্নামেন্টের স্বীকৃতি কার্ড থাকা সত্ত্বেও অন্তত একজন সংবাদকর্মীকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া টিকিট স্ক্যানিং যন্ত্রে বারবার ত্রুটি দেখা দেওয়ায় গরমের মধ্যে অপেক্ষমাণ দর্শক ও গণমাধ্যমকর্মীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের নিরাপত্তা চৌকিতে অনেক সংবাদকর্মীকেই আটকে দিয়ে অ্যাক্রেডিটেশন সেন্টারে পাঠানো হয়। অনলাইনে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, একই ধরনের সমস্যায় পড়েছেন বহু দর্শকও।

ফিফা টিকিটধারীদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে আসার পরামর্শ দিলেও অনেককে দুই ঘণ্টা বা তারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। টিকিট স্ক্যানারে ত্রুটির অভিযোগও করেছেন অনেকে।

তবে সব বাধা পেরিয়ে ম্যাচ শুরুর প্রায় ৪৫ মিনিট আগে যখন স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে নামেন, তখন স্টেডিয়ামের নিচের গ্যালারির বড় অংশই দর্শকে পূর্ণ হয়ে যায়। বিশেষ করে দুই দলের সমর্থকদের জন্য নির্ধারিত অংশে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অবশ্য যুক্তরাষ্ট্রে বড় ফুটবল ফাইনালের আগে এমন বিশৃঙ্খলা এবারই প্রথম নয়।

২০২৪ সালে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে কোপা আমেরিকার ফাইনালেও প্রবেশপথে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ব্যবস্থার চাপে ম্যাচ শুরু হতে প্রায় ৭৫ মিনিট দেরি হয়েছিল।

সেই ম্যাচে টিকিটবিহীন অসংখ্য দর্শক জোর করে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধীরে ধীরে তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ম্যাচ চালিয়ে নেওয়া সম্ভব হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন