ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
পঞ্চগড় বৈদ্যুতিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত নাসিমা সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের এলাকার শহিম উদ্দীনের স্ত্রী।
শুক্রবার (২৪ জুলাই) সকালে চাকলাহাট ইউনিয়নের চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ।
নিহতের মেয়ে মাইশা আক্তার বলেন, সকালে আমি পড়তে ছিলাম। আম্মু বৈদ্যুতিক চুলায় ভাত রান্না করছিল। হঠাৎ একটা শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি আম্মু মেঝেতে পড়ে আছে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এখানে এনে ডাক্তার বলেন, আম্মু আগেই মারা গেছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নারীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।