দেশজুড়ে

পঞ্চগড়ে বাড়ছে শীতের আমেজ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি

ছবি: কাল্পনিক ছবি

দিনের বেলায় তীব্র রোদ, আর রাত নামতেই বদলে যাচ্ছে আবহাওয়া। ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে রাত ও ভোরে ঠান্ডার প্রভাব বেশি থাকছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এ কারণে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার আবরণ দেখা গেছে।

তবে দিনের আবহাওয়া থাকছে ভিন্ন।

শুক্রবার (২৭ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের প্রখর রোদে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমতে শুরু করে। দিন ও রাতের তাপমাত্রার এই পার্থক্যে রাতের শেষ ভাগ ও ভোরে শীত বেশি অনুভূত হচ্ছে।

জেলার সদর, আটোয়ারী ও বোদা উপজেলার বিভিন্ন এলাকায় ভোরের কুয়াশার মধ্যেই জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করছেন হালকা গরম কাপড়। দিনের রোদে গরম অনুভূত হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়ে। বিশেষ করে ফজরের সময় বাইরে বের হলে শীতের তীব্রতা বেশি টের পাওয়া যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়ের দেওয়া তথ্য অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ারও সম্ভাবনা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন