ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পেলেন ব্যারিস্টার কায়সার কামাল
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করার মাধ্যমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর ফলে স্পিকারের পদটি শূন্য হয়ে পড়ে।
সংবিধানের বিধান অনুযায়ী, স্পিকারের পদ খালি হওয়ার সঙ্গে সঙ্গে সেই দায়িত্বভার বর্তায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ওপর।
আজ বিকেলে দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, আপনারা জানেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই আমি প্রয়োজন সাপেক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছিলাম। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেবও তার শপথ গ্রহণ করেছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, শপথের বিধান অনুযায়ী স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার তার দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ৭৪ অনুচ্ছেদের ৩ নম্বর দফায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, স্পিকারের পদ শূন্য হলে, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে অথবা অন্য কোনো কারণে নিজের দায়িত্ব পালনে অক্ষম হলে স্পিকারের সব দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করবেন।
এমনকি ডেপুটি স্পিকারের পদও শূন্য থাকলে সংসদের কার্যপ্রণালি-বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য এই দায়িত্ব পালন করবেন। এছাড়া সংসদের কোনো বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই অনুপস্থিত থাকলে কার্যপ্রণালি-বিধি অনুযায়ী নির্দিষ্ট কোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবেন।
সুতরাং, সাংবিধানিক নিয়ম অনুযায়ী শুক্রবার বিকেল ৫টা ১ মিনিট থেকে স্বয়ংক্রিয়ভাবে স্পিকারের দায়িত্ব পালন শুরু করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আর/আই