পুলিশের চাকরি ছেড়ে ‘আরশোলা’ হলেন কনস্টেবল!
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মঞ্চে উঠে পুলিশের চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন উত্তরাখণ্ড পুলিশের কনস্টেবল শের সিংহ। তবে তার সেই ঘোষণার কিছুক্ষণ পরই ভিন্ন তথ্য প্রকাশ করেছে উত্তরাখণ্ড পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, পদত্যাগের ঘোষণা দেওয়ার আগেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৪ জুলাই) দিল্লির যন্তর মন্তরে সিজেপির আন্দোলনে যোগ দেন শের সিংহ। মঞ্চে উঠে তিনি নিজের পুলিশ পরিচয়ের ব্যাজ খুলে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের হাতে তুলে দেন।
এ সময় শের সিংহ বলেন, রাজনীতিবিদদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে এখন সাধারণ মানুষের পাশে থাকতে চান। আন্দোলনরত শিক্ষার্থীদের সুরক্ষায় কাজ করবেন বলেও ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়াকে যদি বিদ্রোহ হিসেবে দেখা হয়, তাহলে বিদ্রোহী পরিচয় গ্রহণ করতেও তার আপত্তি নেই।
মঞ্চে দেওয়া এই বক্তব্য এবং ব্যাজ হস্তান্তরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার পদক্ষেপের প্রশংসা করেন।
তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর উত্তরাখণ্ড পুলিশ জানায়, শের সিংহ গত ২৮ জুন থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার নোটিশ পাঠিয়েও কোনো জবাব না পাওয়ায় এবং দীর্ঘদিন কর্মস্থলে যোগ না দেওয়ায় গত ২০ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
কুমায়ুন রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক নিবেদিতা কুকরেতি বলেন, পিথোরাগড় জেলায় কর্মরত শের সিংহের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। গ্যাংস্টার প্রবীণ বাল্মীকির সঙ্গে যোগসাজশে নিরীহ মানুষের জমি ভয়ভীতি দেখিয়ে দখলের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে হরিদ্বার কারাগারেও থাকতে হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যন্তর মন্তরের আন্দোলনে অংশ নিয়ে উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়ার অভিযোগে শের সিংহের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিবেদিতা কুকরেতি জানান, আগের অভিযোগগুলোর পাশাপাশি সাম্প্রতিক ঘটনাকেও বিবেচনায় নিয়ে শের সিংহকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে, সিজেপির মঞ্চে শের সিংহের উপস্থিতির ভিডিও ‘ককরোচ আর্মি’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ড পুলিশও নিজেদের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, পদত্যাগের ঘোষণা দেওয়ার আগেই শের সিংহ সাময়িক বরখাস্ত ছিলেন।
দুই পক্ষের ভিডিও প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ শের সিংহের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন, আবার অনেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং পুলিশের ব্যাখ্যাকেই গুরুত্ব দিচ্ছেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এসি//