ভারতের আসামে আন্দোলনের আগুনে ঘি ঢাললেন মন্ত্রী কন্যা
ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছেন আসামের রাজস্ব মন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত । বৃহস্পতিবার (২৩ জুলাই) গুয়াহাটির চাচলে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি স্লোগান দিয়েছেন। এ ঘটনায় ক্ষমতাসীন জোট সরকারের মধ্যে বেশ চাঞ্চল্য সৃস্টি হয়েছে।
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে ভারতের অন্যান্য রাজ্যের মতো আসামের শিক্ষার্থীরাও বিক্ষোভের আয়োজন করে। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দিবিসা মহন্ত শিক্ষার্থীদের সঙ্গে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সোচ্চার হয়ে স্লোগান দিচ্ছেন।
দিবিসা মহন্তের এই অবস্থান ভারতের রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ তার বাবা কেশব মহন্ত অসম গণ পরিষদের (এজিপি) অন্যতম শীর্ষ নেতা। এজিপি বর্তমানে আসামে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দল। ২০১৬ সাল থেকেই কেশব মহন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। জোট সরকারের সিনিয়র মন্ত্রীর মেয়ে হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমন প্রতিবাদ করায় ক্ষমতাসীন মহলে অস্বস্তি তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেছেন, এটি শিক্ষার্থীদের স্বাভাবিক প্রতিবাদ। তাদের দাবি ও যুক্তিকে সম্মান জানানো হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি আসামের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, রাজ্য এখন প্রাকৃতিক দুর্যোগের কঠিন সময় পার করছে। এ মুহূর্তে সবার নজর যেন বন্যা মোকাবেলার দিকেই থাকে।
এ ব্যাপারে আসাম পুলিশ জানিয়েছে, প্রতিবাদ সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। চাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।