স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অফিস করবেন বঙ্গভবনে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন হাফিজ উদ্দিন আহমদ। তবে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও প্রধান কার্যালয় বঙ্গভবন থেকেই তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই এ তথ্য জানান।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। সংবিধানের বিধান অনুযায়ী এরপর থেকেই স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেন।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।
এমএ//