পশ্চিম তীরে ২ মসজিদে আগুন, ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অভিযোগ
দখলদার ইসরাইল কর্তৃক অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের দুটি গ্রামে মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে।
রোববার (২৬ জুলাই) ভোরে নাবলুস ও তুলকারেমের আশপাশের এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
নাবলুসের দক্ষিণ-পূর্বে কুসরা গ্রামের সদ্য নির্মিত একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগান লিখে যায় হামলাকারীরা। গ্রাম কাউন্সিলের প্রধান আবদেল আজিম ওয়াদি জানান, দেয়ালে ‘ইহুদি প্রতিশোধ’সহ শুক্রবার তাল গ্রামের কাছে নিহত এক ইসরাইলির নামও লেখা ছিল।
তিনি বলেন, ২০১১ সাল থেকেই কুসরা গ্রামে নিয়মিত হামলার ঘটনা ঘটছে। গাজা যুদ্ধ শুরুর পর এ ধরনের হামলা আরও বেড়েছে।
অন্যদিকে, তুলকারেমের দক্ষিণ-পূর্বে কুর গ্রামের একটি মসজিদেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রাম কাউন্সিলের সদস্য ফরিদ জিয়ুসি জানান, ভোরে তিনজন ইসরাইলি বসতি স্থাপনকারী মসজিদটিতে আগুন ধরানোর চেষ্টা করেন। তবে মুসল্লিরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তা মসজিদের মূল অংশে ছড়িয়ে পড়েনি। হামলাকারীরা সেখানেও দেয়ালে হিব্রু ভাষায় গ্রাফিতি লিখে যায়।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, কুসরা গ্রামে পাঠানো সেনারা দেয়ালে গ্রাফিতি ও অগ্নিসংযোগের চিহ্ন পেয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তল্লাশি চলছে। আলামত সংগ্রহে পুলিশ সদস্যদেরও পাঠানো হবে। ধর্মীয় স্থাপনায় এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
এর আগে গেল শুক্রবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল গ্রামের কাছে ইসরাইলি বসতি স্থাপনকারী, ফিলিস্তিনি ও ইসরাইলি সেনাদের মধ্যে সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি সেনা নিহত হন।
ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, বসতি স্থাপনকারীরা গ্রামে হামলা চালালে স্থানীয়রা তাদের প্রতিরোধ করতে এগিয়ে আসেন। একপর্যায়ে সেখানে গুলিবিনিময় শুরু হয়।
জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। এসব ঘটনায় বহু ফিলিস্তিনি নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোকে অধিকাংশ দেশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে মনে করে। তবে ইসরাইল এ অবস্থান প্রত্যাখ্যান করে আসছে।
শুক্রবারের সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে নিরাপত্তা জোরদারের কথা বলে পশ্চিম তীরে আরও ইসরাইলি বসতি স্থাপনের অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
নেতানিয়াহু সরকারের কট্টর ডানপন্থি নেতারাও পশ্চিম তীরে ইসরাইলি নিয়ন্ত্রণ সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়েছেন।
তথ্যসূত্র: রয়টার্স
এমএ//