আন্তর্জাতিক

যুক্তরাজ্যের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও প্রস্তুত : অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

রোববার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সঙ্গে সম্পর্ক এবং দেশের বিভিন্ন নীতিগত বিষয়ে সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেন নতুন প্রধানমন্ত্রী। ট্রাম্পের সঙ্গে নিজের প্রথম আলাপচারিতা বেশ ইতিবাচক এবং তাকে ‘খুবই আন্তরিক’ বলে মনে হয়েছে বলে জানান তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্টকে বিশ্বাস করেন কি না, এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বার্নহ্যাম বলেন, ‘পৃথিবী তো পরিবর্তনশীল, তাই না? আর পরিস্থিতি যেমন এগোবে, আপনাকে সেভাবেই তার জবাব দিতে হবে’।

তিনি আরও বলেন, ‘আমি কোনো অবস্থাতেই বলতে পারি না যে আমি তার (ট্রাম্পের) ভিন্ন মত গ্রহণ করব না। যুক্তরাজ্যের জন্য সঠিক এমন কোনো ভিন্ন ধারণাও আমাকে তুলে ধরতে হবে। আমার শক্তি হলো মানুষের, জনগণের কাছাকাছি থাকা, প্রধানমন্ত্রী হিসেবেও এর কোনো পরিবর্তন হবে না।’

সাক্ষাৎকারে দেশের প্রতিরক্ষা বাজেট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে সাবেক অর্থমন্ত্রী জন হিলি পদত্যাগের সময় সতর্ক করে বলেছিলেন যে, ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৩ শতাংশ ব্যয় নিশ্চিত না করলে দেশ সুরক্ষিত থাকবে না। তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য অর্জনের বিষয়ে কোনো পাকা প্রতিশ্রুতি দেননি বার্নহ্যাম।

তিনি জানান, প্রতিরক্ষা ব্যয়ের গুরুত্ব তিনি গভীরভাবে অনুধাবন করেন এবং এই বিষয়টি মাথায় রেখেই তিনি তাঁর নতুন চ্যান্সেলরকে দায়িত্ব দিয়েছেন।

এছাড়া ২০২৯ সালের আগে আগাম সাধারণ নির্বাচন দেওয়ার গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি স্পষ্ট করে বলেন, আমি এটি বাতিল করে দিচ্ছি, কারণ আমার মনে হয় না দেশের মানুষ এই মুহূর্তে আরেকটি নির্বাচন চাচ্ছে। দেশের অর্থনীতি ও শাসনব্যবস্থাকে সঠিক অবস্থানে ফিরিয়ে আনাই বর্তমানে তাঁর সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন