আন্তর্জাতিক

গোলাবারুদের ঘাটতির দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প

মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিশ্বের যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ রয়েছে এবং বর্তমান মজুদ প্রয়োজনের তুলনায়ও অনেক বেশি।

রোববার (২৬ জুলাই) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে অনেক বেশি গোলাবারুদ রয়েছে আমাদের, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।’

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পরিচালিত সামরিক অভিযানের কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে সম্প্রতি সতর্ক করেছিলেন প্রতিরক্ষা কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যম।

জর্ডানে ইরানি হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর প্রধান ড্যান কেইন এবং সেন্টকম প্রধান ব্র্যাড কুপারও মধ্যপ্রাচ্যে মোতায়েন বাহিনীর নিরাপত্তা ও সামরিক অভিযানের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এদিকে সোমবার(২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কয়েকটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। এসব ছবিতে মার্কিন সামরিক শক্তি ও আধিপত্যের প্রতীকী চিত্র তুলে ধরা হয়। একটি ছবিতে ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের সঙ্গে মার্কিন যুদ্ধবিমানকে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এবং পেছনে ট্রাম্পের বিশাল প্রতিকৃতি দেখা যায়।

অন্যদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক মার্ক ক্যানসিয়ান ও ক্রিস পার্কের মূল্যায়নে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র অন্তত এক হাজার ৫০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। ফলে বর্তমানে এ ধরনের ক্ষেপণাস্ত্রের মজুদ এক হাজারের নিচে নেমে এসেছে।

তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশে যেকোনো সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন