বস্তার ছেঁড়া অংশে বেরিয়ে ছিল হাত, উদ্ধার হলো যুবকের মরদেহ
বরগুনার পায়রা নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নদীপাড়ে হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নদীর তীরে পড়ে থাকা একটি বস্তা দেখতে পান। পরে বস্তার ছেঁড়া অংশ দিয়ে মানুষের একটি হাত বেরিয়ে থাকতে দেখে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বস্তাটি উদ্ধার করে। পরে সেটির ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে ওই যুবককে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় পায়রা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
পি/ডি