অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি

টানা বৃষ্টি ও দেশের কয়েকটি এলাকায় বন্যার প্রভাবে রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে কাঁচামরিচের দাম। পাশাপাশি বেড়েছে পেঁয়াজ, মাছ ও ডিমের দামও।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় ৪০০ টাকায়। খুচরা হিসেবে ১০০ গ্রাম ৪০ টাকা এবং ২৫০ গ্রাম ১০০ টাকায় বিক্রি হলেও আধা কেজি বা এক কেজি কিনলে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। 

বিক্রেতাদের দাবি, মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে। আগে যা ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল। এর আগে তা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতো।

পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। কয়েক সপ্তাহ আগে ৪০-৪৫ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন মানভেদে ৫৫ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানায়, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

সবজির বাজারেও দাম চড়া। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা এবং সাদা বেগুন ১৪০ টাকা কেজি দরে। করলা ১২০-১৪০ টাকা, বরবটি ১১০-১৩০ টাকা, চিচিঙ্গা ৯০-১০০ টাকা এবং কচুরমুখি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ধুন্দল ও পটলের দাম কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে।

এদিকে ডিমের দামও আবার বেড়েছে। গত সপ্তাহে ফার্মের ডিমের ডজন ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা, যা এখন ১৪৫ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে একই ডিমের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা।

মাছের বাজারেও বেড়েছে দাম। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পাঙাশ বিক্রি হচ্ছে ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা কেজি দরে। রুই মাছের দাম আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা এবং টেংরা ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে ইলিশের কেজি ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, সাদা রূপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, লাল কোরাল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, টুনা ৮৫০ থেকে ১ হাজার টাকা এবং সামুদ্রিক সুরমা প্রায় ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাংসের বাজারে গরুর মাংসের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বন্যা ও টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিত্যপণ্যের বাজারে এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন