দেশজুড়ে

বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন এবং আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান জানান, রাখাইন রাজ্যের সংঘাতপূর্ণ এলাকা থেকে একদল রোহিঙ্গা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন।

শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার জেলে ইসমাইল জানান, নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু ছিলেন না বলেও তিনি দাবি করেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক জানান, উদ্ধার হওয়া ১৮ জনকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয়, বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য এবং নৌকাডুবির ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ। এর মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পর মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার মুখে কয়েক মাসের ব্যবধানে প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন