দেশজুড়ে

জানালা ভেঙে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটকৃতরা হলেন, হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬)। 

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগীর পরিবার জানান, ঘটনারদিন রাতে কিশোরীর দাদির ও তার মা ফরিদপুরের একটি হাসপাতালে থাকায় বাড়িতে শুধুমাত্র কিশোরীর ছোট ভাই ও বোন ছিল। রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরটি ঘিরে ফেলে।

প্রথমে তারা দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। তবে ভেতর থেকে দরজা খুলতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙে কিশোরীকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে মোটরসাইকেলে করে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে তিন যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে।

তুলে নেওয়ার সময় স্বজন ও প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সশস্ত্র দলটি তাদের ওপর হামলার হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, ধর্ষণের পর অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে কিশোরীকে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে দুই দুর্বৃত্তকে একটি মোটরসাইকেলসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এই ঘটনায় ভুক্তভোগী ঐ কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধর্ষণের ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন