গাড়ি চালিয়ে ডিএনসিসি এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সার্বিক নগর ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে এই আকস্মিক পরিদর্শনে বের হন তিনি।
এর আগে বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে ডেকে পাঠান। পরবর্তীতে তাদের সাথে নিয়ে তিনি পরিদর্শনে রওনা হন।
প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের সুদীর্ঘ রুটের মধ্যে ছিল—ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরার ৩ থেকে ৬ নম্বর সেক্টর, এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর (সলিমুল্লাহ রোড, ইকবাল রোড ও তাজমহল রোড), জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী এবং বনানী এলাকা।
সফরকালে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বনায়ন ও সবুজায়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার বর্তমান অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে বেশ কিছু স্থানে বিদ্যমান অনিয়ম ও সমস্যা চিহ্নিত করে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে নগর সেবাকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্তাব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
আর/আই