ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত চার
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় পিকাপের চালক, হেলপার এবং দু্ই আরোহী সহ চার জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। পেশায় তিনি মাছ ব্যবসায়ী।
শনিবার (১ অগাস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে আসা একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। পথে কাজিপাড়া এলাকায় অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চারজন নিহত হন।
ওসি বলেন, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করেন। নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে এবং নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
আর/আই