দেশজুড়ে

প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশে যাওয়ায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙলো দ্বিতীয় স্ত্রী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা এক প্রবাসীর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, খেজুরতলা গ্রামের মৃত রমজান আলির ছেলে রফিউদ্দিন প্রথমে একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেন। দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থানকালে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

এ সময় ছনিয়া খাতুন এক ইতালিপ্রবাসীর সঙ্গে চলে যান। পরে বিষয়টি থানায় সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং ছনিয়া ওই ব্যক্তির সঙ্গেই থেকে যান।

এরপর দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে বিয়ে করেন। প্রায় এক বছর সংসার করার পর তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেন এবং তাকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোববার দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা বুলডোজার দিয়ে রফিউদ্দিনের বাড়ি ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে।

ওসি বানী ইসরাঈল জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন