আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক ও রাজনৈতিক বিরোধের অবসান নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অনিশ্চিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম।  

বড় ধরনের দরপতনের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার (০৪ আগস্ট) সকালের ব্রেন্ট ক্রুড এবং ডব্লিউটিআই উভয় তেলেরই দামেই ঊর্ধ্বমুখী দেখা গেছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টা ৫৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজার সূচক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৩৯ ডলারে।

এর ঠিক আগেই প্রায় ৭ শতাংশ বড় পতনের কারণে ব্রেন্টের দাম তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে নিচে নেমে গিয়েছিল। বাজার বিশেষজ্ঞরা এই সাম্প্রতিক মূল্যবৃদ্ধি মূলত সেই পতনের পর বাজার ঘুরে দাঁড়ানোর আংশিক চেষ্টা হিসেবেই দেখছেন।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮০.৯৫ ডলারে। এর আগের কার্যদিবসে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশেরও বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে গিয়ে ঠেকেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যজুড়ে বিরাজমান অস্থিরতা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় জ্বালানি সরবরাহ নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে। এই সরবরাহ সংকটের আশঙ্কাই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দামে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন