জাতীয়

বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ড. মিজানুর রহমান আজহারী

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বিশেষ করে জুন মাসের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি এসেছে বলে অভিযোগ করছেন অনেক গ্রাহক। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনন্দিত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ জানান।

তিনি বলেন, হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক ফেসবুক ব্যবহারকারী মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পাশাপাশি অনেকেই পোস্টটির সাথে একমত পোষণ করে নিজেদের বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার কথা তুলে ধরেন।

এদিকে গত সোমবার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে তাদের নজরে এসেছে। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি দাবি করেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

তবে কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন