জাতীয়

জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু অতীত সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার মতে এই জাদুঘর একদিকে যেমন ইতিহাসকে সংরক্ষণ করবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন পথচলার ভিত্তিও তৈরি করবে।

বুধবার (০৫ আগস্ট) সকালে রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্বের অন্যান্য জাদুঘরের তুলনায় এই জাদুঘরের বিশেষত্ব তুলে ধরে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, এটি শতবর্ষ আগের কোনো ইতিহাসের সংগ্রহশালা নয়। বরং জুলাই আন্দোলনের পরপরই সংশ্লিষ্ট তথ্য, দলিল, স্মারক এবং মানুষের তৎকালীন অনুভূতি দ্রুত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। তার মতে, ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, জাতি হিসেবে কখনো পথচলায় বিভ্রান্তি তৈরি হলে বা লক্ষ্য থেকে সরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে এই জাদুঘর মানুষকে সঠিক পথের দিশা দেবে।

তিনি বলেন, কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই রাজপথে নেমে আসা তরুণদের আত্মত্যাগ, পরিবারের বাধা অতিক্রম করে লেখা চিঠি এবং তাদের অনুভূতিগুলো ভবিষ্যৎ প্রজন্মকে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

তিনি দেশের সব নাগরিক, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের অন্তত একবার এই জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দর্শনার্থীরা শুধু অতীতের ইতিহাস জানতেই এখানে আসবেন না, বরং নিজেদের স্বপ্ন, ভাবনা ও ভবিষ্যতের প্রত্যাশাও এখানে লিপিবদ্ধ করে যাবেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এই জাদুঘর দেশের শিল্প, সাহিত্য, সংগীত, চিত্রকলা এবং বহুমাত্রিক সংস্কৃতিচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে প্রতীকী কবরগুলোর প্রসঙ্গ তুলে ড. ইউনূস বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্নে যেসব সাধারণ পরিবারের সন্তান জীবন উৎসর্গ করেছেন, তাদের পূর্ণাঙ্গ ইতিহাস এই জাদুঘরে সংরক্ষিত থাকবে।

বক্তব্যের শেষদিকে তিনি অল্প সময়ের মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে জাদুঘরের নির্মাণকাজ এবং স্মারক সংগ্রহের কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আন্দোলনের পটভূমি ও দেশের ভবিষ্যৎ পথচলা সম্পর্কে জানতে দেশবাসীকে পরিবারসহ জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন