রেসলিং থেকে অবসরের ঘোষণা ব্রক লেসনারের
পেশাদার রেসলিংসহ সব ধরনের প্রতিযোগিতা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কম্ব্যাট স্পোর্টসের অন্যতম কিংবদন্তি ব্রক লেসনার। ৪৯ বছর বয়সী এই রেসলিং তারকা নিশ্চিত করেছেন, গত শনিবার ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যামের ম্যাচটিই ছিল তাঁর ক্যারিয়ারের শেষ লড়াই।
মঙ্গলবার (৫ আগস্ট) ‘দ্য প্যাট ম্যাকএফি শোতে’ এই ঘোষণা দেন ১০ বারের এই ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।
তিনি জানান, আজ বিশ্বকে জানাতে এসেছি যে আমি অবসর নিয়েছি। শনিবার আমার জন্য ভীষণ আবেগঘন একটি দিন ছিল। বিষয়টা কিছুটা অদ্ভুত লাগছিল। রেসলেমেনিয়াতে ওবা ফেমি যখন আমাকে আছাড় মেরেছিল, তখন ভেবেছিলাম আমি আর এটি করতে পারব না, মনে হয় এখানেই আমার সমাপ্তি। তবে রেসলিং আমাকে আবার টানে, মনে হচ্ছিল তখনও শরীরে কিছুটা শক্তি অবশিষ্ট আছে। তবে গত শনিবারের পর ব্রক লেসনারের অধ্যায় শেষ। রেসলিং রিং বা অন্য যেকোনো স্থান থেকেই আমার ইতি ঘটেছে।
তিনি আরও জানান, চলতি বছরের শুরুতে রেসলেমেনিয়াত রিংয়ে বুট ও গ্লাভস খুলে রাখার পর তিনি ভেবেছিলেন তাঁর ক্যারিয়ার শেষ। তবে বিদায়ের আগে গত সপ্তাহে মিনিয়াপোলিসে ‘হেল ইন আ সেল’ ম্যাচে শেষবারের মতো লড়াইয়ে নামেন তিনি।
লেসনারের এই ঘোষণার মধ্য দিয়ে পেশাদার ক্রীড়া ইতিহাসের অন্যতম বর্ণাঢ্য ও সফল একটি ক্যারিয়ারের অবসান ঘটল।
উল্লেখ্য, ২০০০ সালে ইউনিভার্সিটি অব মিনেসোটার হয়ে এনসিএএ ডিভিশন-১ জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতেন লেসনার। ২০০২ সালে পেশাদার রেসলিংয়ে ডোয়েন ‘দ্য রক’ জনসনকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতেন তিনি। তারপর একে একে ১০টি বিশ্ব শিরোপা নিজের নামে করেন ‘দ্য বিস্ট’ খ্যাত এই রেসলার। দুটি রয়্যাল রাম্বল (২০০৩, ২০২২), কিং অব দ্য রিং (২০০২) এবং মানি ইন দ্য ব্যাংক (২০১৯) জেতার পাশাপাশি ২০১৪ সালে রেসলেমেনিয়াতে দ্য আন্ডারটেকারের টানা ২১ ম্যাচের জয়ের রেকর্ড ভাঙেন তিনি।
আর/আই