এক বছর ঘরেই পড়ে ছিল বৃদ্ধার কঙ্কাল, মৃত্যুর খবর জানত না প্রতিবেশীরাও
ভারতের বেঙ্গালুরুর একটি বাড়িতে প্রায় এক বছর ধরে পড়ে ছিল এক নারীর মরদেহ। অথচ এত দীর্ঘ সময়ে বিষয়টি জানতে পারেননি আশপাশের কেউ। শেষ পর্যন্ত বাড়ির ভেতর থেকেই ওই নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকার হাভানুর লে-আউটের একটি বাড়িতে একাই বসবাস করতেন ৫২ বছর বয়সী দক্ষিণী। সম্প্রতি ওই বাড়িতে গিয়ে তার কঙ্কাল উদ্ধার করে বাগালাগুন্টে থানার পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণীর স্বামী উমেশ প্রায় এক দশক আগে মারা যান। এরপর ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাদের একমাত্র ছেলেরও। স্বামী ও সন্তানকে হারানোর পর দক্ষিণী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বিষণ্নতায় ভুগছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় এক বছর আগেই বাড়ির ভেতরে দক্ষিণীর মৃত্যু হয়ে থাকতে পারে। এরপর মরদেহটি সেখানেই পড়ে থাকায় ধীরে ধীরে কঙ্কালে পরিণত হয়।
এদিকে, দীর্ঘ সময় ধরে দক্ষিণীর মেয়ে ও জামাইও ওই বাড়িতে আসেননি বলে জানা গেছে। ফলে বাড়ির ভেতরে তার মৃত্যুর বিষয়টিও কারও নজরে আসেনি।
পরে বিষয়টি জানতে পেরে পুলিশ বাড়িটিতে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের পাশাপাশি কীভাবে প্রায় এক বছর ধরে বাড়ির ভেতরে মরদেহ পড়ে থাকার পরও ঘটনাটি কারও নজরে এল না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটি ঘিরে এলাকায়ও তৈরি হয়েছে নানা প্রশ্ন। দক্ষিণীর মৃত্যু স্বাভাবিক ছিল কি না এবং তার মৃত্যুর পর এত দীর্ঘ সময় বিষয়টি গোপন থাকার কারণ কী—এসব বিষয় সামনে রেখে তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ।