দেশজুড়ে

পুলিশের হাত থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা

পাবনার বেড়া মডেল থানার সামনে পুলিশের কাছ থেকে সোহেল রানা নামে এক নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা এলাকার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,আজ দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় বেড়া মডেল থানার পুলিশ। এ সময় এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে পুলিশের একটি দল সোহেল রানাকে গ্রেপ্তার করে।

পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়

 স্থানীয়দের দাবি, ছিনিয়ে নেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।

ওসি নয়ন কুমার বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোহেল রানাকে থানায় নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যান।

তিনি আরও বলেন, সোহেল রানাকে  পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছেন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন