সেই দুই বাসের চালক-মালিকদের সশরীরে হাজিরের নির্দেশ, লাইসেন্স বাতিল
সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নয় জন নিহতের ঘটনায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের বাস দুটির লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশপাশি দুই বাসের চালক এবং মালিকদের সিলেট বিআরটিএ তে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিআরটিএর সিলেটের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ।
তিনি জানান, ঢাকাগামী ইউনিক পরিবহন (রেজি নং ঢাকা মেট্রো-ব-১৫-২৫৬৩) এবং সিলেটগামী বেঙ্গল পরিবহনের (রেজি নং ঢাকা মেট্রো -ব-১২-৫৯৮৭) লাইসেন্স বাতিলের জন্য সিলেট বিআরটিএর পক্ষ থেকে বাস ঢাকা মেট্রোতে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বাস দুটির লাইসেন্স বাতিল করা হয়েছে।
এদিকে এ ঘটনায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ইতোমধ্যেই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ৯ লাখ টাকা এবং যারা পঙ্গুত্ব বরন করেছেন তাদের ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।
আই/এ