আন্তর্জাতিক

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করেছে মেহের নিউজ

দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দায়িত্ব নেওয়ার পর থেকে জনসমক্ষে তাকে দেখা যায়নি। অনেকটা আড়াল থেকেই দেশটির নেতৃত্ব ও শাসনব্যবস্থা পরিচালনা করে আসছিলেন তিনি।

এবার মোজতবা খামেনির ১৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি।

শনিবার (০৮ আগস্ট) টেলিগ্রামে প্রকাশিত ভিডিওটিতে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায় ইরানের সর্বোচ্চ নেতাকে। তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মেহের নিউজ। মোজতবাকে ঘিরে থাকা ব্যক্তিরাও কারা, সেটিও জানানো হয়নি।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মোজতবা খামেনি।

দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি তার কোনো ভিডিও বা অডিও বার্তাও প্রকাশ করা হয়নি। তার নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখিত পোস্টের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে কিংবা রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে।

মেহের নিউজের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশের পরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চীনের সংবাদমাধ্যম সিজিটিএনও মেহের নিউজের বরাতে তাদের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেছে।

তবে মেহের নিউজের ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে মোজতবা খামেনির এই ভিডিও নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিবেদন বা ভিডিও পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন