স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, উপস্থিত ছিল ৫ সন্তান
স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক- এমন ঘটনা অনেক সংসারেই তৈরি করতে পারে তীব্র অশান্তি। কিন্তু ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে একেবারেই ভিন্ন ঘটনা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টেনে নিজের পাঁচ সন্তানের মায়ের বিয়ে তার প্রেমিকের সঙ্গেই দিয়েছেন স্বামী।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলার দেবরি গ্রামে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এ ঘটনা।
প্রতিবেদন অনুযায়ী, ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ ও ৩৭ বছর বয়সী ফুলমতি প্রায় ২১ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন। দীর্ঘ এই দাম্পত্য জীবনে তাদের পাঁচ সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে একজনের বয়স ১৮ বছর।
তবে কয়েক মাস আগে ফুলমতির সঙ্গে ২৬ বছর বয়সী অবধেশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় পারিবারিক বিরোধ। একপর্যায়ে প্রায় দুই মাস আগে অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান ফুলমতি।
পরে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি আবার বাড়িতে ফিরে আসেন। কিন্তু বাড়ি ফেরার পরও বুদ্ধিরাম ও ফুলমতির মধ্যে বিরোধ থামেনি। প্রতিদিনের অশান্তিতে শেষ পর্যন্ত ভিন্ন সিদ্ধান্ত নেন বুদ্ধিরাম।
স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বজায় রাখার পরিবর্তে তার প্রেমিক অবধেশের সঙ্গেই ফুলমতির বিয়ের আয়োজন করেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) আসরফপুর গ্রামের একটি শিবমন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় কয়েকজন গ্রামবাসী এবং সন্তানদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। সেখানে বুদ্ধিরাম নিজেও উপস্থিত ছিলেন। প্রচলিত রীতি মেনে স্ত্রীকে নতুন সংসারের উদ্দেশে বিদায়ও দেন তিনি।
বুদ্ধিরাম জানান, ২১ বছর আগে ফুলমতিকে বিয়ে করেছিলেন তিনি। তবে এখন ফুলমতি আর তার সঙ্গে সংসার করতে চান না। প্রতিদিনের পারিবারিক অশান্তি থেকে বেরিয়ে আসতেই স্ত্রী যাকে নিয়ে থাকতে চান, তার সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
বুদ্ধিরামের এই সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে নানা আলোচনা। দীর্ঘ ২১ বছরের দাম্পত্য এবং পাঁচ সন্তান থাকার পরও স্ত্রীর নতুন সম্পর্ককে মেনে নিয়ে তাকে প্রেমিকের হাতে তুলে দেওয়ার ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি।
এসি//