মায়ের লাশের পাশে ছিল শিশুর হাত-পা বাঁধা মরদেহ
যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাদের ছয় বছর বয়সী ছেলে জিসান।
শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। আজ (৯ আগস্ট) বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের জাকির হোসেনের বাড়ির ঘরে মা ও ছেলের মৃতদেহ দেখতে পান। জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় খাটের ওপর পড়ে ছিল। একই খাটে জুবায়দার মরদেহও ছিল। তার গলায় ওড়না পেঁচানো এবং ওড়নার দুই প্রান্ত দুই হাতে ধরা ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত জুবায়দার ছোট বোন পিঞ্জিরা জানান,তার বোনের স্বামী জাকির দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এক বছর আগে তিনি বাড়িতে এসেছেন।
ওসি শাহ জালাল আলম বলেন, ঘটনাটি সন্দেহজনক। আত্মহত্যা মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আই/এ